
মোঃ আকাশ আহমেদ (স্টাফ রিপোর্টার): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় হরেকৃষ্ণ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
গত ৮ জুন (সোমবার) বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরেকৃষ্ণ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সম্মানিত সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবক মোঃ ছাইফুল ইসলাম বাদল।
এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকমণ্ডলী এবং উৎসাহী ছাত্র-ছাত্রীবৃন্দ।
কর্মসূচি উদ্বোধনকালে অ্যাডহক কমিটির সভাপতি মোঃ ছাইফুল ইসলাম বাদল বলেন, “জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ ও সুন্দর পৃথিবী উপহার দিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যাও করতে হবে।” তিনি শিক্ষার্থীদের নিজ নিজ বাড়িতেও অন্তত দুটি করে গাছের চারা লাগানোর আহ্বান জানান।
বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী এই উদ্যোগের প্রশংসা করে বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে এই ধরনের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরে বিদ্যালয়ের খেলার মাঠ ও চারপাশের খালি জায়গায় সারিবদ্ধভাবে গাছের চারা রোপণ করা হয়।