
স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আছিম বাজারে জাগ্রত আছিম গ্রন্থাগারের উদ্যোগে ৩ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার শুভ উদ্বোধন করা হয়েছে। গ্রন্থাগারটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ বইমেলার উদ্বোধন অনুষ্ঠিত হয় শনিবার (৭ মার্চ ২০২৬) সকালে আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইমেলার উদ্বোধন ঘোষণা করেন শাহাবুদ্দীন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আসাদুজ্জামান আকন্দ।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গ্রন্থাগারের সম্মানিত উপদেষ্টা ও শাহাবুদ্দীন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাদেকুর রহমান।
জাগ্রত আছিম গ্রন্থাগারের সভাপতি সাদরুল ইসলাম সানোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের কর্মকর্তা এস. আর. মাসুম, তরুণ সমাজসেবক ফয়সাল মাহমুদ আকাশ, গ্রন্থাগারের সম্মানিত উপদেষ্টা মোঃ রাজিব হাসান, লেখক ও কবি মাহিন মুর্তজা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, বইমেলাটি আগামী ৭ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।
বইমেলার সার্বিক সহযোগিতায় রয়েছে বেনজিন প্রকাশন, পড়ুয়া বুকশপ এবং আলহাজ্ব আফতাব উদ্দিন ফাউন্ডেশন।
স্থানীয় পাঠক, শিক্ষার্থী ও বইপ্রেমীদের বইমেলায় অংশগ্রহণের জন্য আয়োজকদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।