
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সরকারি ভাবে কোন নির্দেশনা না থাকলেও ফ্যামিলি কার্ডের আবেদনের নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
অদ্ভুত এ অনিয়মের চিত্র উপজেলার ১২নং আছিম পাটুলি ইউনিয়ন পরিষদে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে পরিষদ প্রাঙ্গনে দেখা যায়, আছিম পাটুলি ইউনিয়নে ফ্যামিলি কার্ডের আবেদনের খবর শুনে নারীরা লম্বা ভিড় জমিয়েছেন। কারো হাতে ছবি আবার কারো হাতে টাকা। যা নিয়ে ইউনিয়ন পরিষদের উদ্যোক্তার কক্ষে হুমড়ি খাচ্ছেন তারা। কোন প্রকার রসিদ ছাড়াই আবেদনের নামে টাকা নিচ্ছেন সংশ্লিষ্টরা।
আবেদন করতে আসা বাশদী গ্রামের রুবি আকতার জানান, সকালে জানানো হয়েছে ফ্যামিলি কার্ডের আবেদন শুরু হয়েছে। তাই ১০০ টাকা নিয়ে আবেদন করতে আসছি, চেয়ারম্যানের ভাতিজা টাকা জমা নিয়েছেন, কিন্তু কোন ফরম দেয়নি।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ইমরুল কায়েস বলেন, ফ্যামিলি কার্ডের আবেদন কম্পিউটারে যদি নেয়, যে কেউ আবেদন করতেই পারে, আবেদন করে ১০০ টাকা নিতেই পারে। তবে ফ্যামিলি কার্ড সংক্রান্তে তিনি কোন চিঠি পাননি আর আবেদনের জন্য কাউকে নির্দেশও দেওয়া হয়নি বলে দাবী করেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হক জানান, এ বিষয়ে আমরা এখন পর্যন্ত কোন চিঠি পাইনি।
নির্দেশনা ছাড়া ইউনিয়ন পরিষদে আগাম আবেদন করা কোনভাবেই উচিৎ নয়। নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, ফ্যমিলি কার্ডের আবেদন করার বিষয়ে শুনেছি, এ বিষয়ে আমরা ব্যবস্থা নিবো।