
ব্রেকিং নিউজ | ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মাদকবিরোধী অভিযানে একটি কমব্যাট পিস্তলসহ বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত রাতে পৌর শহরের রাঘাইচটী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও গফরগাঁও ইউনিয়নের বলাইবাড়ি গ্রামের বাসিন্দা আজিম উদ্দিন (৪৩) এবং তার সহযোগী বিএনপি নেতা, গফরগাঁও ইউনিয়নের ঘাগড়া গ্রামের বাসিন্দা চমন মণ্ডল (৩৫)।
যৌথ বাহিনী সূত্র জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে একটি কমব্যাট পিস্তল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আইনশৃঙ্খলা বাহিনী আরও জানায়, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে চলমান কঠোর অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।
এ ঘটনায় গফরগাঁও এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আলোচনা সৃষ্টি হয়েছে।