
মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের শিবগঞ্জ এলাকায় অধ্যক্ষ কামরুল হাসান মিলনের উদ্যোগে প্রান্তিক জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) শিবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে তারুণ্যের ফুলবাড়ীয়ার সহযোগিতায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফুলবাড়ীয়া আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, আগামী দিনে নির্বাচিত হতে পারলে উপজেলার প্রান্তিক এলাকার স্বাস্থ্য কেন্দ্রগুলো আধুনিকায়ন করা হবে এবং মানুষের জন্য সেবাকে সহজলভ্য ও দোরগোড়ায় পৌঁছে দেওয়া জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। এসময় তিনি অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মাদক ও মোবাইল আসক্তি থেকে বিরত থেকে পড়াশোনা করার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করে দেশের কল্যাণে নিয়োজিত হতে হবে। পাশাপাশি উচ্চ বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের আশ্বাস প্রদান করেন। বলেন, এই অঞ্চলের বহুল প্রত্যাশিত কালারচরের রাস্তায় আগামী এক মাসের মধ্যে কাজ শুরু হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডাঃ আব্দুর রাজ্জাক, শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, তারুণ্যের ফুলবাড়ীয়ার সদস্য সচিব এসএম আবু সাইদ, বৈষম্য বিরোধী শিক্ষার্থী তাহসিনুল আবরার লিছান, ইমরান হাসান, ইবনে কাসির তারেক, তারুণ্যের ফুলবাড়ীয়ার ইউনিয়ন আহ্বায়ক মুরাদ হাসান ও সদস্য সচিব মাসুম মীর সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে আশেপাশের বিপুলসংখ্যক চিকিৎসা গ্রহীতাগণ বিনামূল্যে সেবা গ্রহণ করেন। এতে রোগীদের চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করেন স্বদেশ হাসপাতালের চিকিৎসকগণ। পরে সেবা কার্যক্রম পরিদর্শন করেন অধ্যক্ষ কামরুল হাসান মিলন। এছাড়াও রোগী ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও খোঁজ খবর নেন তিনি। এছাড়াও স্কুলের অবকাঠামো ও আঙ্গিনা গুরে দেখেন জামায়াতে ইসলামী মনোনীত এই সংসদ সদস্য প্রার্থী।