
মোবারক হোসাইন : বাংলাদেশ আহলে হাদিস তাবলীগে ইসলামের তিনদিন ব্যাপী ৩৩তম কেন্দ্রীয় ইজতেমার তৃতীয় দিন পবিত্র জুমার নামাজে দেশের বিভিন্ন জেলা থেকে আগত তাবলীগ অনুসারীদের পাশাপাশি বিপুলসংখ্যক মুসল্লীরা অংশ গ্রহণ করেছেন।
এ উপলক্ষে দুপুর ১২ টার মধ্যেই কানায় কানায় পরিপূর্ণ হয় ইজতেমা ময়দান সহ আশেপাশের অঞ্চল। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নিয়ে মুসল্লীরা সন্তুষ্টি প্রকাশ করে আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
নামাজে অংশ নিয়েছেন ফুলবাড়ীয়ার সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। তারা বলছেন, ইজতেমার দাওয়াতী কার্যক্রমের মাধ্যমে ইসলামের পরিপূর্ণ জীবন বিধান মানুষের মাঝে প্রসারিত হবে। এসময় আগামী দিনে এর ধারাবাহিকতা প্রত্যাশা করেন তারা।
আহলে হাদিস তাবলীগে ইসলামের নব নিযুক্ত আমীর ও মসজিদে নববীর খুতবার বাংলা অনুবাদক ড. শেখ সাদি বিন আব্দুর রশিদ মাদানী বলেন, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আহ্বান করে ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে সঠিকভাবে পৌঁছে দিতে হবে।
এসময় জুমার খুতবা প্রদানকারী অধ্যাপক মোহাম্মদ মোখতার আহমেদ, অত্র সংগঠন সারা দেশে সঠিক দ্বীন প্রচারে ভূমিকা রাখার পাশাপাশি দেশের বাইরেও এর প্রসারতা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন।
বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লী এবং ইজতেমা সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। প্রত্যাশা করেন, আগামী দিনে ইজতেমার প্রসারতা বৃদ্ধিতে সকলেই সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবে।
উল্লেখ্য, গত বুধবার শুরু হওয়া তাবলীগে ইসলামের বৃহৎ এ গণজমায়েত শেষ হবে আগামীকাল শনিবার।