
মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কেশরগঞ্জ বাজারের মীম প্রি-ক্যাডেট স্কুলে ২য় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ, বিকেডিএ বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে বাজারের হলুদ মহলের স্কুল প্রাঙ্গণে এতে “প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার মাধ্যমে প্রান্তিক মূল্যায়নই প্রাথমিক শিক্ষার্থীদের আদর্শ মূল্যায়ন পদ্ধতি” শিরোনামে শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে ও বিপক্ষে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা।
মীম প্রি-ক্যাডেট স্কুলের এ আয়োজনে অংশ নিয়ে সামাজিক সচেতন মহল বলছে, গণঅভ্যুত্থান পরবর্তী বৈষম্যহীন সমাজ গঠনে আজকের বিতর্কের বিষয়বস্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এসময় তারা প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের কৃতিত্বের প্রসংশা করেন।
আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিয়ে পলাশীহাটা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুল ইসলাম এবং শাপলা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কিশোর চন্দ্র শাহা বলেন, জাতীয়ভাবে কিন্ডারগার্টেন স্কুলের প্রান্তিক মূল্যায়ন অভিন্ন হওয়া উচিত এবং তাদের জন্য বৃত্তি পরীক্ষা চালু রাখা উচিত।
প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আশিকুর রহমান কি কারণে প্রাথমিক বৃত্তি পরীক্ষা বন্ধ করা হয়েছে প্রশ্ন উত্থাপন করে, পাঁচ বছর ধরে শিক্ষার্থীরা যে পাঠ্যক্রমে পড়াশোনা করে তার অভিন্ন মূল্যায়ন প্রত্যাশা করেন।
পরে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী দল এবং পরাজিত দলকে পুরস্কার স্বরূপ বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও প্রতিষ্ঠানটি থেকে বিকেডিএ বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া ট্যালেন্টপুলে ৮ জন এবং সাধারণ গ্রেডে ১৬ জন কৃতি শিক্ষার্থীদের সার্টিফিকেট, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করে মীম প্রি-ক্যাডেট স্কুল।
এতে উপস্থিত ছিলেন পলাশীহাটা ইসলামীয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা খোরশেদ আলম, সমাজসেবক আব্দুল মান্নান, আব্দুর রউফ রাব্বানী, সাংবাদিক হাফিজুল ইসলাম স্বপন, প্রবাসী হারুন অর রশীদ ও শিক্ষার্থী ইমরান হাসান প্রমুখ।