
স্টাফ রিপোর্টার(ময়মনসিংহ): ২১ ফেব্রুয়ারি ২০২৬ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার উদ্যোগে শিববাড়ি দলীয় কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় কর্মসূচি পালন করা হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে সকালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে মহান ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের ৫ আগস্টের পর প্রথম গ্রেফতার হওয়া জ্যেষ্ঠ নেতা ও সাবেক আমোকসু জিএস কাজী আজাদ জাহান শামীম। এছাড়াও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক রিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা ভাষা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাঁদের আদর্শ বাস্তবায়নের আহ্বান জানান এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।