
মির্জা মোঃ মনজুরুল হক (ফুলবাড়িয়া): ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার উত্তর আন্ধারিয়াপাড়ায় তারুণ্যের যুব সংঘ স্পোর্টিং ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার রাতে আন্ধারিয়াপাড়া উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, এ এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।
জনগণ ঐক্যবদ্ধ হলে সবই সম্ভব। এসময় অধ্যক্ষ সিরাজুল ইসলাম সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিতের জন্য সংসদ সদস্য প্রার্থী হয়েছেন দাবী করে বলেন, সুযোগ পেলে অবহেলিত এই ফুলবাড়ীয়াকে চতুর্দিকে উন্নত ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গঠন করা হবে।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য রফিকুল ইসলাম জুয়েল, মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, সমাজসেবক আহমেদ আলী সরকার, ডাঃ মোহাম্মদ স্বপন, ইকবাল হোসেন ও ছাত্রনেতা আশরাফুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে সন্ধ্যায় ছনকান্দা এলাকায় ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে এক প্রতিক্রিয়ায় স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, আগামী দিনে সুযোগ পেলে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত এবং দুর্নীতি নির্মুল করে ফুলবাড়ীয়াকে একটি উন্নত, সমৃদ্ধ মডেল উপজেলা হিসেবে গঠন করা হবে।
তিনি বলেন, এই অঞ্চলের বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
তিনি আরোও বলেন,সংসদ সদস্য নির্বাচিত হলে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের গুনগত মানোন্নয়নে কাজ করা হবে। রাস্তাঘাটের উন্নয়ন সহ ফুলবাড়ীয়ার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে।