
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় নর্প নীট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জমি দখল ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কোম্পানির প্রতিনিধি আসাদ উল্ল্যাহ চৌধুরী ধ্রুব ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর সকালে উপজেলার ভায়াবহ মৌজায় অবস্থিত কোম্পানির ক্রয়কৃত ও খারিজকৃত জমিতে প্রায় ৪০-৪৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র, দাউ, লাঠি, ঠেলাগাড়ি ও ভ্যানগাড়ি নিয়ে প্রবেশের চেষ্টা করে। এ সময় নিরাপত্তা প্রহরী মো. সবুজ মিয়া বাধা দিলে তাকে মারধরের চেষ্টা করা হয়। পরে হামলাকারীরা এলোপাতাড়ি কুপিয়ে ও ভেঙে ফেলে টিনের বেড়া ও বাউন্ডারির পিলার। এতে আনুমানিক তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এছাড়া কোম্পানির ভেতরে রাখা প্রায় ১.৫০ টন লোহার রড (মূল্য প্রায় ১ লাখ ২৭ হাজার টাকা) এবং ১২৫ বস্তা সিমেন্ট (মূল্য প্রায় ৬৮ হাজার ৭৫০ টাকা) ঠেলাগাড়ি ও ভ্যানগাড়িতে করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। ঘটনাস্থল থেকে চলে যাওয়ার সময় হামলাকারীরা কোম্পানির প্রতিনিধি ও কর্মীদের প্রাণনাশের হুমকিও দেয়।
অভিযোগে আরও বলা হয়েছে, ৫ সেপ্টেম্বর রাতে অজ্ঞাত ব্যক্তিরা আবারও কোম্পানির বাউন্ডারি ওয়াল ভেঙে ফেলে। অভিযোগকারী ধ্রুব চৌধুরীর দাবি, এ ঘটনার সাথে নাজমুল গং সরাসরি জড়িত। এর আগেও নাজমুল হক ও নাসির উদ্দিন ফকির গংরা তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। টাকা না দিলে কোম্পানির বাউন্ডারি ভেঙে ফেলার হুমকিও দেওয়া হয়।
ধ্রুব চৌধুরী দ্রুত তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
ভালুকা মডেল থানা সূত্রে জানা গেছে, অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে।