
ময়মনসিংহ ব্যুরো: ফুলবাড়ীয়া সমিতি, ময়মনসিংহের আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল এর স্মরণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মে) দুপুরে সমিতির কার্যালয়ে আয়োজিত এ দোয়া মাহফিলে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর বর্ণাঢ্য জীবন ও অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির আহ্বায়ক এডভোকেট মাহবুবুর রশীদ তামান্না,সমিতির উপদেষ্টা অধ্যাপক মোঃ আব্দুল হাকিম, আব্দুল লতিফ মিয়া,সমিতির সদস্য সচিব এডভোকেট মীর লুৎফর রহমান ফরহাদ,ম্যাগাজিন কমিটির সদস্য সচিব অধ্যাপক মোঃ রুহুল আমিন,অধ্যাপক মোঃ গোলাম মোস্তফা সুরুজ, সাংবাদিক সাইফুল ইসলাম তরফদার,মোঃ শামছুল হক মাষ্টারসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন,বীর মুক্তিযোদ্বা মাহফিজুর রহমান ছিলেন একজন দেশপ্রেমিক, সৎ ও নিবেদিতপ্রাণ মানুষ। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে তিনি দেশের জন্য অসামান্য অবদান রেখেছেন এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
অধ্যাপক মোঃ আব্দুল হাকিম বলেন, বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান ছিলেন একজন আদর্শবান, সৎ ও দেশপ্রেমিক মানুষ। তিনি শুধু মুক্তিযুদ্ধেই অবদান রাখেননি, বরং সমাজের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবসময় নিবেদিত ছিলেন। তাঁর জীবন ও কর্ম আমাদের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
আব্দুল লতিফ মিয়া বলেন, ফুলবাড়ীয়া সমিতির প্রতি তাঁর আন্তরিকতা ও ভালোবাসা ছিল অনন্য। তিনি সবসময় সংগঠনের কল্যাণে পাশে থেকেছেন এবং আমাদের সঠিক দিকনির্দেশনা দিয়েছেন। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
সমিতির আহবায়ক এডভোকেট মাহবুবুর রশীদ তামান্না বলেন,বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল ছিলেন আমাদের সমিতির একজন অত্যন্ত সম্মানিত ও নিবেদিত সদস্য। তিনি সবসময় সংগঠনের উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর আদর্শ ও কর্ম আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।