
ফুলবাড়ীয়া(ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌরসভার মধ্যবাজারে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ২৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে অনুমোদন ও নিবন্ধন ছাড়া শিশু খাদ্য বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৭ হাজার টাকা, ক্ষতিকর রঙ ফর্সাকারী ক্রিম বিক্রির দায়ে আরেক ব্যবসায়ীকে ১২ হাজার টাকা এবং গরুর মাংস বিক্রিতে বাটখাড়ার ওজনে কারচুপির অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সোহাগ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকি তাজওয়ার, স্যানিটারি ইন্সপেক্টর মো. রুহুল আমিন প্রমুখ।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।