
স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচার করে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে ফুলবাড়ীয়া পৌর ৩নং ওয়ার্ড বিএনপির আয়োজনে আমতলা ঈদগা মাঠে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী। আলোচনা সভায় বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আগমনের মাধ্যমে কানায় কানায় পরিপূর্ণ হয় ঈদগাহ মাঠ।
বক্তব্যে একেএম শমসের আলী ফুলবাড়ীয়ায় বিএনপিতে অনেক ভাই রয়েছেন উল্লেখ করে বলেন, তিনি কোন ভাই চেনেন না। চেনেন জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানকে। বলেন, আগামী নির্বাচনে বিএনপির মনোনয়নে যিনি ধানের শীষের প্রার্থী হবেন তাকে ঐক্যবদ্ধ হয়ে বিজয়ী করতে হবে। একেএম শমসের আলী বলেন, বিগত আওয়ামী সরকারের সময় যারা মাঠে আন্দোলন সংগ্রাম করেছেন, জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছেন তারাই বিএনপিতে নেতৃত্ব দিবেন।
৫ আগস্ট পরবর্তী কোন নব্য বিএনপি নেতা হবেন তা মেনে নেওয়া হবেনা। একেএম শমসের আলী বলেন, নির্বাচনকে প্রলম্বিত করতে একটি মহল উদ্দেশ্যমূলকভাবে পিআর পদ্ধতি সামনে এনে আন্দোলন শুরু করেছে। দাবী করেন, মানুষ পিআর পদ্ধতি বুঝে না। নির্বাচন হতে হবে সাধারণ পদ্ধতিতেই। প্রসঙ্গক্রমে কথা বলেন ফুলবাড়ীয়ায় নামে বেনামে ফেসবুকে ফেইক আইডির বিষয়ে। দাবি করেন, একটি মহল পরিকল্পিতভাবে ফুলবাড়ীয়ার গ্রহনযোগ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার করে যাচ্ছে। একেএম শমসের আলী ফুলবাড়ীয়া পৌর বাসীর পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে আগামী দিনে পৌর বাসীকে তাকে সমর্থন দেওয়ার অনুরোধ জানান।
ফুলবাড়ীয়া পৌর বিএনপি নেতা সোলাইমান সরকারের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক মাস্টার, সদস্য ও পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান সোহাগ, পৌর বিএনপির সদস্য এডভোকেট আবুল হাসনাত খান বিপুল, আব্দুল মান্নান, বিএনপি নেতা কবির হোসেন, পৌর বিএনপির সদস্য শফিকুল ইসলাম খোকা, সাবেক কাউন্সিলর আবু বকর সিদ্দিক, পৌর বিএনপির সদস্য আলহাজ্ব আব্দুল মালেক, মিজানুর রহমান, ডাঃ জাহিদ হাসান খসরু, গোলাম মোস্তফা সুরুজ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলাল আহমেদ, কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন, পৌর বিএনপি নেতা মতিন সিকদার, রইস উদ্দিন আকন্দ, সেলিম সরকার, এমদাদুল হক, শাহাবুদ্দীন সরকার, আশরাফুল আলম, রমজান আলী, মোহাম্মদ তারা মিয়া ও স্বেচ্ছাসেবক দল নেতা আবু তাহের সরকার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর বিএনপির সদস্য শাহ মোহাম্মদ গোলাম মোস্তফা।