
মুরাদ হাসান : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাঙামাটিয়া টানপাড়া এলাকায় প্রায় ১৩ শতাংশ জমির ধান ক্ষেতে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করে ফেলার অভিযোগ উঠেছে।
গত রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে পূর্বশত্রুতার জেরে একই এলাকার মকবুল হোসেনের ছেলে আব্দুল মজিদ বিষ প্রয়োগ করে ফসল ধ্বংস করেছে বলে জানিয়েছেন জমির মালিক মৃত জয়নাল আবেদীনের ছেলে ছমির উদ্দিন।
ভুক্তভোগী ছমির উদ্দিন ও তার সহধর্মিণী বলেন, তাদের ক্রয়কৃত জমি আদালত কর্তৃক স্বীকৃত পাওয়ার পর থেকেই ভোগদখল করছেন তারা। এর আগে বিভিন্ন সময় ক্ষেতে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করেছিলো আব্দুল মজিদ। পরবর্তীতে স্থানীয়রা একাধিকবার বিষয়টি মীমাংসা করলে আর ক্ষেতে আসবেন না বলে অঙ্গীকারবদ্ধ হয় আব্দুল মজিদ। কিন্তু রবিবার রাতে সে আবার বিষ দিয়ে ফসল নষ্ট করেছে।
স্থানীয় খোরশেদ আলম, মাসুদ আহমেদ ও মোহাম্মদ এরশাদ বলেন, এর আগেও বিভিন্ন সময় ক্ষেতে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করেছে আব্দুল মজিদ। গ্রাম্য সালিসির মাধ্যমে মিমাংসা করা হয়েছে। কিন্তু আব্দুল মজিদ এলাকার জনপ্রতিনিধিদের কথা শুনেনা। তারা নিশ্চিত করেছেন গত রবিবারেও ক্ষেতে বিষ দিয়েছে আব্দুল মজিদ। তার সহধর্মিণী তা স্বীকার করেছে। এসময় তারা এ ব্যাপারে প্রশাসনের সহযোগিতা প্রত্যাশা করেন।
তবে এ ব্যাপারে জানতে আব্দুল মজিদের বাড়িতে গিয়ে তাকে ও তার সহধর্মিণী কাওকে পাওয়া যায়নি।
উপসহকারী কৃষি কর্মকর্তা মঞ্জুরুল হক বলেন, ফসল পরিদর্শন করে প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে পেরাকুইট প্রজাতির বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করা হয়েছে। ধীরে ধীরে এ ফসল শুকিয়ে স্থায়ীভাবে নষ্ট হয়ে যাবে।
রাঙামাটিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য কামরুজ্জামান বাবুল বলেন, এর আগে এলাকাবাসী সালিশের মাধ্যমে জমির প্রকৃত মালিক ছমির উদ্দিনকে বুঝিয়ে দেওয়া হয়েছিলো। কিন্তু আব্দুল মজিদ রাতের গভীরে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করেছে।
ফুলবাড়ীয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, বিষ প্রয়োগের মাধ্যমে ফসল নষ্টের এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।