
মোবারক হোসাইন : ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেছেন, সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ দরকার। জামায়াতে ইসলামীই একমাত্র সোনার মানুষ তৈরী করে। তিনি বলেন, ইসলাম পন্থীরা দেশ ও জনগণের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। আশা প্রকাশ করেন, আগামীতে ইসলামের পক্ষে গণজোয়ার তৈরী হবে।
মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যার পরে ফুলবাড়ীয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের বাবুগঞ্জ বাজারে ইউনিয়ন জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়ীয়া আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আরো বলেন, দীর্ঘ ১৭ বছর দেশের মানুষের উপর অবিচার করা হয়েছে, দুর্নীতির আখরায় পরিনত হয়েছিলো বাংলাদেশ। বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।
ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা ইউসুফ আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ফজলুল হক শামীম ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ সহ ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।