
মোবারক হোসাইন : ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়ীয়া আসনে দলটির মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেছেন, জামায়াতে ইসলামী আগামীতে দেশের ক্ষমতায় গেলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে।
তিনি বলেন, ফুলবাড়ীয়ার জনগণকে সাথে নিয়ে একটি আদর্শ, নৈরাজহীন, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত মডেল ফুলবাড়ীয়া গঠন করা হবে।
শনিবার (২২ মার্চ) বিকেলে উপজেলার ভবানীপুর ইউনিয়নের জয়পুরে আলহাজ্ব সিদ্দিকুর রহমান স্কুল এন্ড কলেজের উদ্যোগে ফাতেমা ফাউন্ডেশন বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, পুরস্কার বিতরণ ও পবিত্র মাহে রমজানের ফজিলত সম্পর্কিত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কামরুল হাসান মিলন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা অঢেল টাকা পয়সা খরচ করে নির্বাচন করে না। কারণ, দলটি জনগণের আমানতকে কুক্ষিগত করবে না। তিনি বলেন, ভবিষ্যতে সুযোগ পেলে ফুলবাড়ীয়া অতীতের যে কোন সময়ের তুলনায় একটি মডেল উপজেলা হিসেবে দেশের বুকে স্বীকৃতি পাবে।
এসময় তিনি ব্যাক্তিগত, পারিবারিক, সামাজিক জীবনে ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে এই ফুলবাড়ীয়াকে উদাহরণ হিসেবে উপস্থাপন করার পাশাপাশি দুনিয়া ও আখেরাতে কামিয়াবি হওয়ার জন্য সবার জন্য মহান আল্লাহ তায়ালার কাছে উত্তম যাজা প্রার্থনা করেন।
আলহাজ্ব সিদ্দিকুর রহমান স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক শহিদুল্লাহ কায়সার, ডিএস কামিল মাদরাসার অধ্যক্ষ ড. ইদ্রিস খান সহ অন্যান্য অতিথিরা।
এর আগে ফুলবাড়ীয়া ও পার্শ্ববর্তী উপজেলার ৩৫ টি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি কামরুল হাসান মিলন সহ অন্যান্য অতিথিবৃন্দরা।