
স্টাফ রিপোর্টার: ইংরেজি নববর্ষ উপলক্ষে দেশ-বিদেশের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি প্রত্যাশা করেছেন, নতুন বছর সবার জীবনে সুখ, শান্তি ও কল্যাণ বয়ে আনবে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে তারেক রহমান বলেন, “নতুন বছর অতীতের গ্লানি ও ব্যর্থতাকে পেছনে ফেলে নবউদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়। এটি আমাদেরকে সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য একসঙ্গে কাজ করার সুযোগ করে দেয়।”
তারেক রহমান বলেন, “আমরা এমন একটি সমাজ নির্মাণ করতে চাই, যেখানে প্রত্যেক নাগরিকের কণ্ঠস্বাধীনতা নিশ্চিত হবে এবং প্রত্যেকের অধিকার গুরুত্ব পাবে। পুরনো বছরের তিক্ত অভিজ্ঞতা ও গণতান্ত্রিক অধিকার হারানোর যন্ত্রণা আমাদেরকে নতুন বছরে শান্তি, সম্প্রীতি ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে উদ্দীপ্ত করবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের গণতন্ত্রের জন্য সংগ্রামী মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। জনগণের অধিকার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শক্তিশালী করা এবং বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারই হবে আমাদের অঙ্গীকার।
তারেক রহমান নববর্ষের নতুন সম্ভাবনার প্রতি আশাবাদ প্রকাশ করে বলেন, “বাংলাদেশ অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাবে। চিরতরে দূর হয়ে যাবে অন্যায়, উৎপীড়ন ও নির্যাতন। জনগণ তাদের হৃত গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে সংগ্রাম চালিয়ে যাবে।”
বিবৃতির শেষে তিনি বাংলাদেশকে একটি উন্নত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। দেশবাসীর প্রতি তার শুভকামনার বার্তা ছিল, “অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাক বাংলাদেশ। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।”