
স্টাফ রিপোর্টার(ময়মনসিংহ): ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কামরুল হাসান মিলন ও নির্দলীয় প্রার্থী, সাবেক এমপি মরহুম প্রকৌশলী শামছ উদ্দিন আহমদ-এর সুযোগ্য পুত্র তানভীর আহমেদ রানা–এর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
এসময় উভয় প্রার্থী পরস্পরের সঙ্গে কোলাকুলি করেন এবং আসন্ন নির্বাচনকে ঘিরে বিভিন্ন বিষয় নিয়ে কৌশল বিনিময় করেন। রাজনৈতিক শিষ্টাচার ও সৌহার্দ্যের এই দৃশ্য স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা দিয়েছে।
সাক্ষাৎকালে নির্বাচনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। স্থানীয় উন্নয়ন, জনগণের প্রত্যাশা ও এলাকার সার্বিক কল্যাণে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তারা।
রাজনৈতিক অঙ্গনে এমন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গণতন্ত্রের জন্য আশাব্যঞ্জক বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।