
স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) রাতে ফুলবাড়ীয়া পৌর ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে চান্দের বাজারে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপির আহ্বায়ক ও আগামী নির্বাচনে ফুলবাড়ীয়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আখতারুল আলম ফারুক।
বক্তব্যে তিনি এক শ্রেণীর নেতাকর্মীদের থানায় দালালী ও সালিশ বানিজ্য থেকে বিরত থেকে জনগণের জন্য কাজ করার আহ্বান জানান। বলেন, কোন প্রলোভনে বিএনপিতে গ্রুপ উপগ্রুপ সৃষ্টি করে দলের ক্ষতি করা যাবেনা।
তিনি বলেন, একটি গোষ্ঠী নির্বাচন প্রলম্বিত করার ষড়যন্ত্রে মেতেছে। যদি আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় না আসে তাহলে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের থেকেও খারাপ অবস্থা হবে বিএনপির জন্য। বলেন, দেশের মানুষের অধিকার নিশ্চিত করার জন্য আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার বিকল্প নেই। আশ্বস্ত করেন, দল ক্ষমতায় আসলে উপজেলার রাস্তাঘাট সহ ফুলবাড়ীয়াকে সার্বিক উন্নয়নের আওতায় আনা হবে।
ফুলবাড়ীয়া পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল লতিফ চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা মহিলা দলের সহ সভাপতি ফাহসিনা হক লিরা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল ফজল, শাহজাহান সিকদার, মাহবুবুল আলম সেলিম, মাসুদ আলম খান, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি মশিউর রহমান মামুন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুজ্জামান তানভীর, কৃষক দলের আহ্বায়ক মীর আসির উদ্দিন শিখন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। অনুষ্ঠান পরিচালনা করেন ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক খালেদ বিন সাঈদ।