
মির্জা মোঃ মনজুরুল হক(ফুলবাড়িয়া): ময়মনসিংহ জেলার গ্রাম আদালত কার্যক্রমে মামলা গ্রহণ ও নিষ্পত্তিতে উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ফুলবাড়িয়া উপজেলা। এই গুরুত্বপূর্ণ অর্জনের নেতৃত্ব দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুল ইসলাম।
ইউএনও আরিফুল ইসলাম তাঁর প্রতিক্রিয়ায় এই সফলতার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন ময়মনসিংহ জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, ফুলবাড়িয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, সদস্যবৃন্দ, হিসাব সহকারীসহ সংশ্লিষ্ট সকলকে।
তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন গ্রাম আদালত প্রকল্পে কর্মরত ফুলবাড়িয়ার ২ জন সহকর্মীর কথা, যাঁদের আন্তরিক সহযোগিতা এই অর্জনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি আরও বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতার ফলেই আজ ফুলবাড়িয়া উপজেলা এই সম্মানজনক অবস্থান অর্জন করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
গ্রাম আদালত কার্যক্রমের মাধ্যমে স্থানীয় পর্যায়ে স্বল্প খরচে ও দ্রুত সময়ে বিচারিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করা হয়। এই কার্যক্রমে সফলতা বিচারিক কার্যক্রমে স্বচ্ছতা ও দক্ষতার প্রমাণ বহন করে।