ফুলবাড়ীয়া সংবাদ : ৩০ মে ২০২৫ ইং স্বাধীনতার মহান ঘোষক, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন ফুলবাড়ীয়া ময়মনসিংহ সমিতি ঢাকার নির্বাহী সভাপতি, ময়মনসিংহ দক্ষিণ জেলা জিসাসের সহ সভাপতি ও ফুলবাড়ীয়া উপজেলা বিএনপি নেতা অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম। বৃহস্পতিবার (২৯ মে) এক শোকবার্তায় তিনি গভীর শ্রদ্ধা জানান।
অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ইতিহাসের এক ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক। তাঁর অসামান্য দূরদর্শিতা, ইস্পাত কঠিন সততা আর গভীর দেশপ্রেম তৎকালীন জাতিকে নতুন পথের দিশা দেখিয়েছিল। তিনি কেবল বাংলাদেশী জাতীয়তাবাদেরই প্রবক্তা ছিলেন না, বরং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় তাঁর বলিষ্ঠ অবদান জাতি চিরদিন সশ্রদ্ধচিত্তে স্মরণ করবে। তিনি আরো বলেন, শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে এবং বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচি যথাযথ বাস্তবায়নের মাধ্যমেই একটি সুখী, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব। ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। একইসাথে তাঁর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় শপথ গ্রহণ করছি।
শোকবার্তায় অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম ফুলবাড়ীয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি শহীদ রাষ্ট্রপতির মহান আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জনগণের সার্বিক কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।