ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌর সদরের হাসপাতাল সড়কে অবস্থিত স্বাস্থ্য সেবা মেডিকেল সেন্টারে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছে প্রশাসন।
রবিবার (১০ মে) দুপুরে পরিচালিত এই অভিযানে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ব্যবহার এবং ডিগ্রি বা নিবন্ধন ছাড়াই রোগীর নমুনা সংগ্রহ করার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ফুলবাড়ীয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ তাজী তাজওয়ার।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সেবা মেডিকেল সেন্টারে অদক্ষ ও অনুমোদনহীন লোকজনের মাধ্যমে বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষা পরিচালনা করা হচ্ছিল। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়। অভিযোগের ভিত্তিতে রবিবার প্রশাসন অভিযান চালায়।
অভিযানকালে কর্তৃপক্ষ কাগজপত্র যাচাই করে দেখা যায়, ক্লিনিকটির লাইসেন্স প্রায় এক বছর আগে মেয়াদোত্তীর্ণ হয়েছে। এছাড়া কামরুজ্জামান নামে এক ব্যক্তি কোনো বৈধ ডিগ্রি বা নিবন্ধন ছাড়াই প্যাথলজিক্যাল ল্যাবে রোগ নির্ণয়ের উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তির নমুনা সংগ্রহ করছিলেন।
এ ঘটনায় মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮২ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে কিছু নারীকে সামনে রেখে এসব কার্যক্রম পরিচালনার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। এতে প্রতিনিয়ত প্রতারিত ও ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ রোগীরা।
ফুলবাড়ীয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ তাজী তাজওয়ার বলেন,অভিযান আমাদের অব্যাহত থাকবে।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।