সাইফুল ইসলাম তরফদার (ময়মনসিংহ): চলতি রমজানে ময়মনসিংহে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাজার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মুফিদুল আলম এবং পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম। এ সময় তারা ব্যবসায়ীদের উদ্দেশ্যে কোন ধরনের সঙ্কট সৃষ্টির চেষ্টা না করে নির্ধারিত মূল্যে নিত্যপ্রয়োজনীয় সকল ধরনের পন্য বিক্রির নির্দেশ দেন।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে ময়মনসিংহ নগরীর মেছুয়া বাজার এলাকা পরিদর্শন করে এই আহবান জানান জেলার ডিসি-এসপি।
এ সময় বাজারে একটি দোকানে মূল্যতালিকা না থাকায় এবং অতিরিক্ত দামে পন্য বিক্রির অভিযোগে শিব শঙ্কর (৪৫) নামের এক ব্যবসায়িকে ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।
মো. শফিকুল ইসলাম জানান, ভোক্তা অধিকার আইনে মূল্যতালিকা না থাকায় এবং অতিরিক্ত দামে পন্য বিক্রির অভিযোগে এই অর্থদন্ড করা হয়েছে। সেই সঙ্গে পন্য বিক্রিতে কোন ধরনের কারসাজি না করতে ব্যবসায়ীদেরকে প্রাথমিক ভাবে সর্তক করা হয়েছে।
এই বিষয়ে ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম বলেন, রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী কারসাজি করে বেশি লাভের আশায় কোন কোন পণ্যের কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে। এসব বিষয়ে ব্যবসায়ীদের সর্তক করতে বাজার পরিদর্শন করা হয়েছে।
বিশেষ করে সয়াবিল তেল, চাল ও চিনি বাজারে নির্দেশনা দেওয়া হয়েছে, যেন কোন ধরনের সঙ্কট সৃষ্টি না হয়। কারণ বাজারে এসব পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তবে পাইকারি ও খুচরা কেনাবেচায় দামের বেশ পার্থক্য দেখা গেছে। এই বিষয়টি নজরদারি করতে ভ্রাম্যমান আদালতকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে বলা হয়েছে। আশা করছি চলতি রমজানে বাজারে কোন সমস্যা হবে না।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম প্রিন্স, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান শফিক, ভোক্তা অধিকার সংরক্ষন কর্মকর্তাসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।