ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নজরুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ মোঃ মাসুদ পারভেজসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা। সভায় হাসপাতালের সার্বিক কার্যক্রম, চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই ফখরউদ্দিন আহমেদ বাচ্চু হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে কার্যকর উদ্যোগ নেন। তার প্রচেষ্টায় নিরাপত্তা ব্যবস্থায় দৃশ্যমান উন্নতি এসেছে, যা রোগী ও স্বজনদের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।
সভার প্রথমেই হাসপাতালের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ ও সেবার মান দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।
ফখরউদ্দিন আহমেদ বাচ্চু এমপি বলেন, স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন এবং যাতায়াত ব্যবস্থার উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় জোরদারের আহ্বান জানান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, এমপি মহোদয়ের আন্তরিক সহযোগিতায় হাসপাতালের সেবা ও পরিবেশ প্রতিনিয়ত উন্নত হচ্ছে। ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকলে স্বাস্থ্যসেবার মান আরও বৃদ্ধি পাবে।
সভায় বক্তারা হাসপাতালের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয় জনগণের জন্য উন্নত ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে সকলের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।