মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কালাদহ ইউনিয়নের বিদ্যানন্দ এলাকার বাসিন্দা অসহায় বিকলাঙ্গ প্রতিবন্ধীর পরিবারকে থাকার জন্য ঘর নির্মাণ করে দিলো উপজেলার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন তারুণ্যের ফুলবাড়ীয়া।
জানা গেছে, বিকলাঙ্গ প্রতিবন্ধী শাহাবুদ্দীন সামাজিকভাবে সহায়সম্বলহীন কর্ম অক্ষম অসহায় মানুষ ও তিন সন্তানের জনক। হাটবাজারে ভিক্ষাবৃত্তি করে সংসার চালান তিনি। তার বাস্তব অবস্থা পরিলক্ষিত হওয়ার পরে শাহাবুদ্দীনকে পরিবার সহ থাকার জন্য একটি টিনের ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে তারুণ্যের ফুলবাড়ীয়া। সরেজমিনে দেখা যায় ঘরটির নির্মাণ কাজ চলমান।
রবিবার (১২ জানুয়ারী) সন্ধ্যায় নির্মাণাধীন ঘরটি পরিদর্শনে আসেন তারুণ্যের ফুলবাড়ীয়ার প্রধান উপদেষ্টা, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়ীয়া আসনে দলটির মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন। এসময় সংক্ষিপ্ত মুনাজাতে অংশ নেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল হক শামীম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, তারুণ্যের ফুলবাড়ীয়ার সহ সভাপতি এবিএম মাহমুদুল হাসান, কালাদহ ইউনিয়ন শাখার সভাপতি আজহারুল ইসলাম ও আছিম পাটুলী ইউনিয়নের সভাপতি সিরাজ আল মাহমুদ তারেক সহ স্থানীয় সামাজিক ব্যক্তিবর্গ।
স্থানীয়রা বলছেন, শাহাবুদ্দীন সামাজিকভাবে খুবই অসহায় ব্যাক্তি। এই ঘরটি নির্মাণের মাধ্যমে উপকারভোগী পরিবার একটি স্থায়ী আশ্রয় খুঁজে পেলো। এর মাধ্যমে শাহাবুদ্দীন সন্তানদের নিয়ে জীবনযাপন করতে পারবে।
তারুণ্যের ফুলবাড়ীয়ার উপদেষ্টা ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন, তারুণ্যের ফুলবাড়ীয়ার কার্যক্রম প্রসংশার দাবী রাখে। তরুণরা এগিয়ে আসলে দেশের অনেক সমস্যা সমাধান করা সম্ভব। এসময় তিনি তারুণ্যের ফুলবাড়ীয়ার সমৃদ্ধি কামনা করেন।
তারুণ্যের ফুলবাড়ীয়ার সাধারণ সম্পাদক এসএম আবু সাইদ জানান, বিদ্যানন্দ এলাকার প্রতিবন্ধী শাহাবুদ্দীন একজন কর্ম অক্ষম মানুষ। হাটবাজারে ভিক্ষাবৃত্তি করে জীবন চালান তিনি। তার বাস্তব অবস্থা বিবেচনায় তাকে পরিবার সহ থাকার জন্য একটি টিনের ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে তারুণ্যের ফুলবাড়ীয়া।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।