স্টাফ রিপোর্টার(ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের ঘটনায় ২৭ শিক্ষার্থীকে ১ বছরের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হলটির প্রাধ্যক্ষ অধ্যাপক বজলুর রহমান মোল্যা।
প্রাধ্যক্ষ জানান, বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী, শৃঙ্খলাপরিপন্থী কার্যকলাপে জড়িত অভিযোগে এ সিদ্ধান্ত নেয় প্রশাসন। বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে ওই হলের প্রথম (দ্বিতীয় সেমিস্টার) ও দ্বিতীয় বর্ষের (দ্বিতীয় সেমিস্টার) ২৬ জন এবং ১ জন স্নাতকোত্তর শিক্ষার্থী আছেন।
সোহরাওয়ার্দী হলের নবীন শিক্ষার্থীরা জানান, গত শনিবার রাত নয়টার দিকে প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের হলের রিডিংরুমে ডেকে নিয়ে যাওয়া হয়। এ সময় তাঁদের ব্যবহৃত মুঠোফোন নিজেদের কক্ষে রেখে আসতে বাধ্য করা হয়। পরে তাঁদের উদ্ভট নিয়ম মানার নির্দেশনা জানান অভিযুক্ত শিক্ষার্থীরা। এগুলো হলো সাইকেল চালানো যাবে না, দ্বিতীয় তলায় যাওয়া নিষিদ্ধ, বড় ভাইদের দিনে একাধিকবার সালাম দিতে হবে, হলে লুঙ্গি পরা যাবে না, হলের গ্রন্থাগারে ল্যাপটপ আনা যাবে না, ক্যানটিনে যাওয়া যাবে না ইত্যাদি।
একপর্যায়ে তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা গিয়ে নবীনদের কাছে বিভিন্ন সমস্যার কথা জানতে চান। সমস্যাগুলো বলার পর তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা চলে যান। পরে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা আবার নবীনদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। বিভিন্ন ধরনের অদ্ভুত কাজ করতে বাধ্য করা হয়। একপর্যায়ে এক নবীন শিক্ষার্থী ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েন। ওই ঘটনা জানাজানি হলে গতকাল রোববার রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল কর্তৃপক্ষ হল পরিদর্শন করে জড়িত শিক্ষার্থীদের শনাক্ত করে।
সোহরাওয়ার্দী হলের এ ঘটনায় মোট ৫২ জনকে শনাক্ত করা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ সাইফুল্লাহ। তিনি বলেন, ‘এর মধ্যে ২৭ জন হলের বৈধ বাসিন্দা এবং বাকি ২৫ জন অন্য হলের শিক্ষার্থী। ২৭ জনকেই হল থেকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে এবং অধিকতর শাস্তির জন্য ডিসিপ্লিনারি কমিটিতে পাঠানো হবে। অবৈধভাবে হলে থাকা শিক্ষার্থীদেরও চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হবে।’
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।