মুরাদ হাসান : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় দেশের বৃহত্তম পশু কুরবানীর মাঠে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন ও ত্যাগের মহিমায় পশু কুরবানী করেছেন মুসল্লীরা।
শনিবার (৭ জুন) উপজেলার পুটিজানা ইউনিয়নের বৈলাজান গ্রামে ঈদুল আযহার নামাজ শেষে পশু কুরবানী করেছেন মুসল্লীরা। সংশ্লিষ্ট তথ্য মতে, এবারের কুরবানীতে ৭৭টি গরু ও ১৫৩টি খাসি কুরবানী করা হয়েছে। গ্রামবাসীর করা কুরবানী পশুর মাংসের এবার সামাজিক বন্টন হয়েছে ১ হাজার ৬ শত ৫০টি।
এর আগে সকাল থেকেই এলাকাবাসী কুরবানীর পশু নিয়ে নির্ধারিত মাঠে উপস্থিত হয়। এরপর একে একে জবাই করা হয় পশু গুলো। তারপর মাংস তৈরির কাজে ব্যস্ত থাকেন গ্রামবাসী। দিনব্যাপী চলে মাংস প্রস্তুতির কাজ। দেশের অন্যতম বৃহৎ এই কুরবানীর মাঠে কুরবানী চলাকালীন সময়ে বিরাজ করে আনন্দ ঘন পরিবেশ।
বৈলাজান কুরবানী মাঠ পরিচালনা কমিটির সভাপতি ইব্রাহিম খলিল বলেন, ঐতিহ্যগত ভাবে বৈলাজান এ মাঠটি বৃহৎ কুরবানীর মাঠ। এলাকাবাসী একত্রে কুরবানী দেওয়ায় এদিন ঈদ আনন্দ আরেক ধাপ বৃদ্ধি পায় এখানে।
পরে কুরবানীকৃত পশু গুলোর মাংস সামাজিকভাবে প্রদান করার জন্য বন্টন গুলো বিতরণ করা হয়। দুই ধাপে করা বিতরণে প্রথমে গরুর মাংস ও পরে খাসির মাংসের বন্টন প্রদান করেন মাঠ কর্তৃপক্ষ। উল্লেখ্য, বৈলাজান কুরবানীর মাঠটি ৭টি মসজিদ ভিত্তিক সমাজ নিয়ে গঠিত। স্থানীয়দের ধারণা প্রায় ৩ শত বছর ধরে এখানে কুরবানী দিয়ে আসছেন মুসল্লীরা।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।