মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় তানযীহুল উম্মাহ মডেল মাদরাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে শহরের উপজেলা পরিষদ হলরুমে সংবর্ধনায় প্রতিষ্ঠানটি থেকে বিকেডিএ বৃত্তি পরীক্ষায় ১৩ জন ট্যালেন্টপুলে ও ২০ জন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। এসময় উপজেলায় সর্বোচ্চ ফলাফল অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে বিকেডিএর পক্ষ থেকে তানযীহুল উম্মাহ মডেল মাদরাসাকে বিশেষ সম্মাননা প্রদান করে কিন্ডারগার্টেন ডেভেলপার এসোসিয়েশন।
অনুষ্ঠানে তিলাওয়াত, গজল এবং দেশাত্মবোধক ডিসপ্লে প্রদর্শন করেন প্রতিষ্ঠানটির ক্ষুদে শিক্ষার্থীরা। এসময় পুরস্কার পেয়ে আনন্দ প্রকাশ করেন তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শেখ তাকী তাজওয়ার। বক্তব্যে তিনি কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ভবিষ্যতে দেশ, জাতি ও পরিবার গঠনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করার মতো করে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে।
তানযীহুল উম্মাহ মডেল মাদরাসার পরিচালক ও প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আনোয়ার হোসেন জিহাদীর সভাপতিত্বে ও কালচারাল শিক্ষক রিয়াদুল ইসলাম শাহীনের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুকনুজ্জামান, কাতলাশেন কাদেরিয়া কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস খোরশেদ আলম মাদানী, বিকেডিএর ময়মনসিংহ বিভাগীয় প্রধান খান মোহাম্মদ কামাল পাশা, জেলা জমিয়তে আহলে হাদিসের মুবাল্লিগ আলহাজ্ব জাকিরুল্লাহ, কোষাধ্যক্ষ আলহাজ্ব আব্দুল আজিজ, পাঞ্জানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওসমান গনি, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী তাহসিনুল আবরার লিছান ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এহসানুল হক জিহাদ প্রমুখ।
এর আগে অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করে তানযীহুল উম্মাহ মডেল মাদরাসা। এতে শিক্ষক মন্ডলীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীবৃন্দ ও অবিভাবক সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।