মোবারক হোসাইন : গাজীপুরে নির্মমভাবে খুন হওয়া সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের মরদেহ শুক্রবার সন্ধ্যায় নিজ গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সদর ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরদেহবাহী অ্যাম্বুলেন্স পৌঁছানো মাত্রই কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। চারদিকে শুধুই আহাজারি, চোখে জল, আর ঠোঁটে শোক।
শুধু স্বজনরাই নয়, গ্রামের সাধারণ মানুষও এই নির্মম হত্যাকাণ্ডে ক্ষোভে ফেটে পড়েন। ক্ষুব্ধ মানুষের ভিড়ে বিদ্যালয় মাঠ যেন ছোট হয়ে আসে। মরদেহ একনজর দেখতে শত শত মানুষ ছুটে আসেন লাশবাহী গাড়ির চারপাশে।
বিকেল ৬টা ১৫ মিনিটে অ্যাম্বুলেন্সটি ভাটিপাড়া স্কুল মাঠে পৌঁছায়। পরে বাদ মাগরিব নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ফুলবাড়ীয়াসহ গাজীপুর ও ময়মনসিংহের বহু গণমাধ্যমকর্মী, সহকর্মী, আত্মীয়স্বজন ও গ্রামবাসী অংশগ্রহণ করেন। জানাজা শেষে তুহিনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে একদল দুর্বৃত্ত। এ ঘটনার তীব্র নিন্দা ও বিচারের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে সাংবাদিক সমাজসহ সাধারণ জনগণ।
তুহিনের মৃত্যুতে যেমন দেশের গণমাধ্যমে নেমে এসেছে শোকের ছায়া, তেমনি তার নিজ এলাকায় বইছে শোকের ঝড় ও ন্যায়বিচারের প্রত্যাশা।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।