স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ৬ ইউনিয়নে জাতীয়তাবাদী কৃষক দলের ঘোষিত কমিটিকে প্রত্যাখ্যান করে ১১ ইউনিয়নে পাল্টা কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (১৮ মে) বিকেলে উপজেলা কৃষক দলের সিনিয়র সদস্য সহ ৯ জন যুগ্ম আহ্বায়কের সুপারিশকৃত কমিটির অনুমোদন দেন উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক রেজাউল করিম খান রাসেল।
পাল্টা কমিটি ঘোষণাকৃত ইউনিয়ন গুলো হলো, নাওগাঁও, পুটিজানা, কুশমাইল, বালিয়ান, ফুলবাড়িয়া, বাক্তা, রাঙামাটিয়া, এনায়েতপুর, কালাদহ, রাধাকানাই ও ভবানীপুর।
উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক রেজাউল করিম খান রাসেল বলেন, তারিখ বিহীন গতকাল ঘোষণাকৃত কমিটিটি অ'বৈধ। তারা ফুলবাড়ীয়া থানা শাখা নামে যে প্যাড ব্যবহার করেছে সে নামে কোন শাখা নেই, সেটি উপজেলা শাখা। সে পরিপ্রেক্ষিতে উপজেলা কৃষক দলের ২১ জনের সাধারণ সভায় রেজুলেশনের মাধ্যমে উক্ত কমিটি প্রত্যাখ্যান করে এবং ১১ ইউনিয়নে নতুন কমিটি ঘোষণা করে।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা কৃষক দলের আহ্বায়ক মীর আসির উদ্দিন শিখন বলেন, দলে বিশৃঙ্খলা করতে সাংগঠনিক নিয়ম পরিপন্থী বিতর্কিত কমিটি ঘোষণা করা হয়েছে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী বিশৃঙ্খলা কারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত শনিবার (১৭ মে) রাতে উপজেলা কৃষকদলের আহ্বায়ক মীর আসির উদ্দিন শিখন, সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজল, যুগ্ম আহ্বায়ক ফজলুল হক ও আব্দুর রহিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নাওগাঁও, বাক্তা, রাঙামাটিয়া, কালাদহ, রাধাকানাই ও ভবানীপুরের কমিটি ঘোষণা করে।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।