ফুলবাড়ীয়া (ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় ৩ দিনব্যাপী ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক জনগণের কাছে সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টায় ফুলবাড়ীয়া উপজেলা ভূমি অফিস চত্বরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন অধ্যক্ষ মুহাঃ কামরুল হাসান এমপি। কর্মসূচি আগামী ২১ মে পর্যন্ত চলবে।
উদ্বোধন শেষে উপজেলা ভূমি অফিসের সামনে উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহাগের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির নেতা মোঃ শাহজাহান শিকদার, প্রধান শিক্ষক আব্দুল মজিদ, ব্যবসায়ী এসএম শাহজাহান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, বর্তমানে ভূমিসেবা পেতে মানুষের আর দপ্তরে ঘুরতে হয় না। ওয়েবসাইটের নির্দিষ্ট মেন্যুতে প্রবেশ করেই প্রয়োজনীয় তথ্য ও সেবা পাওয়া সম্ভব। তবে বয়স্কদের অনেকেই ডিজিটাল সেবা ব্যবহারে অভ্যস্ত নন। এ ক্ষেত্রে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মত দেন তারা।
পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা ভূমি অফিস থেকে বের হয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সেবাগ্রহীতা ও নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।