স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া): ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সায়েদ আলীর ছেলে সাখাওয়াত হোসেন ও সায়েম হোসেন। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) প্রশ্ন ফাঁসকারী চক্রের গ্রেপ্তারকৃত ১৭ জনের মধ্যে এই দুই সহোদরও রয়েছেন।
ফুলবাড়িয়া ইউনিয়নের ইচাইল মধ্যপাড়া গ্রামে তাঁদের বাড়ি। নিজ গ্রামে দুই ভাইই ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর তাঁদের নিয়ে সমালোচনার ঝড় উঠছে গ্রামে।
গ্রামের একাধিক ব্যক্তি জানিয়েছেন, প্রাথমিকের গণ্ডি পার হতে পারেননি সাখাওয়াত। মাদরাসায় কয়েক মাস পড়েছেন। প্রায় ১২ বছর আগে গ্রামের বাড়িতে ওয়াটার ফিল্টারের ব্যবসা শুরু করেন তিনি। বছর দেড়েক ব্যবসা করেও সুবিধা করতে পারেননি। সংসারে অভাব-অনটন দেখা দেয়। এরপর স্কুলপড়ুয়া ছোট ভাই সায়েমকে নিয়ে ঢাকা চলে যান সাখাওয়াত। সেখানে স্যানিটারি কাজ ও ওয়াটার ফিল্টারের ব্যবসা শুরু করেন। মাঝে মাঝে বাড়িতে আসতেন গণপরিবহনে। সাধারণ মানুষের মতোই চলাফেরা করতেন গ্রামে।
কিন্তু তিন বছর যাবৎ হঠাৎ ঠাটবাট বেড়ে যায় দুই ভাইয়ের। প্রাইভেট কার নিয়ে বাড়ি আসতেন, চলাফেরায় 'টাকার গরম' দেখাতেন।
দৈনিক ফুলবাড়ীয়ার সংবাদে'র প্রতিনিধিরা এই দুই ভাই সম্পর্কে জানতে ইচাইল গ্রামে যান। গ্রামের নতুন বাজারের ৫০০ মিটার দক্ষিণে সাখাওয়াত ও সায়েমদের বাড়ি। বাড়িতে পুরনো আধাপাকা জরাজীর্ণ ঘরটি খালি, কেউ সেখানে থাকে না। স্থানীয়রা জানায়, চার ভাই-বোনের মধ্যে সাখাওয়াত সবার বড় এবং সায়েম সবার ছোট। তাঁদের বাবা সায়েদ আলী প্রায় সাত বছর ধরে ময়মনসিংহ শহরে থেকে একটি ওয়ার্কশপে কাজ করেন। বছরে দুই ঈদে পরিবার নিয়ে বাড়িতে আসেন। সর্বশেষ গত ঈদুল ফিতরের সময় ঢাকা থেকে দুই ভাই দামি একটি প্রাইভেট কার নিয়ে বাড়িতে এসেছিলেন।
ইচাইল গ্রামের জাকির হোসেন সাইম বলেন, 'গ্রামে বাস করার সময় সাখাওয়াত আমিসহ অনেকের কাছ থেকে টাকা-পয়সা ধারদেনা করে চলত। এখন ঢাকায় স্যানিটারি ও ওয়াটার ফিল্টারের কাজ করে বলে শুনেছি। তিন বছর যাবৎ সাখাওয়াতের চলাফেরা বদলে যায়। ব্যক্তিগত গাড়ি নিয়ে বাড়িতে আসত। এখন পত্রিকায় ছবি দেখলাম তারা দুই ভাই বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার হয়েছে।
এক প্রতিবেশী বলেন, 'সাখাওয়াত বাড়িতে কিছু না
করলেও শুনেছি ময়মনসিংহ শহরে জমিজমা ও নতুন প্রাইভেট কার কিনেছেন। দুই-তিন বছরে তাঁদের চলাফেরায় পরিবর্তন দেখে অনেকের সন্দেহ হতো।' সাখাওয়াতের চাচা সিদ্দিকুর রহমান বলেন, 'সাখাওয়াত প্রায় ১০ বছর আগে ভাই-বোনদের নিয়ে ঢাকায় চলে যায়। রাজারবাগ এলাকায় স্যানিটারি ও ওয়াটার ফিল্টারের ব্যবসা করে। বাড়িতে জমিজমা নেই, অন্য কোথাও আছে কি না বলতে পারব না। প্রায় এক বছর আগে নতুন প্রাইভেট কার কিনেছে। শুনেছি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তাদের দুই ভাইকে পুলিশ গ্রেপ্তার করেছে।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।