ময়মনসিংহ প্রতিনিধি: আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ নার্সদের ক্ষমতায়নেই স্বাস্থ্যসেবার উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকালে দিবসটি উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি হাসপাতালের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, একজন রোগীর সুস্থতায় চিকিৎসকদের পাশাপাশি নার্সদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীর সার্বক্ষণিক সেবায় নিয়োজিত থেকে নার্সরা মানবিক দায়িত্ব পালন করে থাকেন। তাদের নিরলস পরিশ্রম ও অবদানকে সম্মান জানাতেই বিশ্বব্যাপী আন্তর্জাতিক নার্সেস দিবস পালন করা হয়।
উল্লেখ্য, আধুনিক নার্সিং সেবার পথিকৃৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে প্রতি বছর ১২ মে দিবসটি উদযাপন করা হয়। ক্রিমিয়ার যুদ্ধে স্বাস্থ্যসেবায় অসামান্য অবদানের জন্য তিনি বিশ্বজুড়ে স্মরণীয় হয়ে আছেন।
বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপ-পরিচালক ডা. মো. জাকিউল ইসলাম, সেবা তত্ত্বাবধায়ক খাদিজা বেগম, সিনিয়র স্টাফ নার্স ও সহ সভাপতি আজাহারুল আলম সোহাগ,কোষাধক্ষ্য মাসুমা পারভীন,আহাদ খান,দীপু রায়,রোকসানা রুপাসহ হাসপাতালের নার্স ও কর্মকর্তারা।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।